
যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড নাথিং নতুন বছরের শুরুতেই প্রযুক্তি বিশ্বে বড় চমক নিয়ে হাজির হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বহুল আলোচিত নাথিং ফোন (৪এ) সিরিজ। এই সিরিজে দুটি মডেল— নাথিং ফোন (৪এ) এবং নাথিং ফোন (৪এ) প্রো বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাথিং ফোনের সিইও কার্ল পেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) একটি পোস্টার শেয়ার করেছেন। সেখান থেকে জানা যায়, এবারের ফোনে চিরাচরিত 'গ্লাইফ ম্যাট্রিক্স'-এর বদলে থাকছে নতুনভাবে নকশা করা 'গ্লাইফ বার'। এতে ৯টি আলাদাভাবে নিয়ন্ত্রণযোগ্য ছোট এলইডি (Mini-LED) লাইট থাকবে। আগের মডেলগুলোর তুলনায় এই লাইটগুলো প্রায় ৪০ শতাংশ বেশি উজ্জ্বল হবে বলে দাবি করেছে কোম্পানিটি।
স্মার্টফোন প্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক থাকছে এর প্রসেসরে। শোনা যাচ্ছে, সাধারণ মডেলে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট এবং প্রো সংস্করণে আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে। এছাড়া প্রো সংস্করণে দ্রুত গতির ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ সুবিধা থাকবে, যা ফোনের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।
নাথিং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এবারের ফোনগুলোতে উন্নতমানের টেকসই উপকরণ ব্যবহার করা হয়েছে। স্বচ্ছ আবরণের (ট্রান্সপারেন্ট লুক) পাশাপাশি এবার গোলাপি রঙের মতো নতুন ও বৈচিত্র্যময় রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনগুলো। ফোনের পেছনের ক্যামেরা সেটআপটি প্যানেলের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে।
পুরানো লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তির ওপর ভিত্তি করেই এই সিরিজের ব্যাটারি সক্ষমতা কিছুটা বাড়ানো হতে পারে। দামের ক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, নাথিং ফোন (৪এ)-এর দাম শুরু হতে পারে ৩০,০০০ টাকা থেকে এবং প্রো সংস্করণটির দাম ৪০,০০০ টাকার আশেপাশে থাকতে পারে।
উল্লেখ্য, ৫ মার্চের এই জমকালো আয়োজনে নতুন স্মার্টফোনের পাশাপাশি উন্নতমানের হেডফোনও উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন