
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে শুরু করে আগামী সোমবার (১৩ এপ্রিল) ভোর পর্যন্ত প্রায় চার দিন সারাদেশে ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ডেপুটি অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
‘ওই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা সময় ধরে চলবে। এ সময়কালে কার্যক্রমটি Traffic Affecting হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলস ‘র অন্য সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4)-এর মাধ্যমে সেবা প্রদান আগের মতো অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে।
মন্তব্য করুন