
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবার প্ল্যাটফর্মে কনটেন্ট চুরি ও রি-আপলোড করে আয় করার প্রবণতা বন্ধে কঠোর নীতিমালা চালু করেছে। বিশেষ করে ছোট ক্রিয়েটরদের ভিডিও ডাউনলোড করে বড় অ্যাকাউন্টে পুনরায় আপলোড করে ভিউ ও অর্থ উপার্জনের অভিযোগ বাড়ছিল।
প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, কিছু বড় অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে ছোট ক্রিয়েটরদের ভিডিও পুনরায় আপলোড করছিল। এতে রেভিনিউ শেয়ারিং সিস্টেমের অপব্যবহার হচ্ছিল এবং আসল নির্মাতারা তাদের ন্যায্য স্বীকৃতি পাচ্ছিলেন না।
একজন কনটেন্ট ক্রিয়েটরের আনুষ্ঠানিক অভিযোগের পরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কপি বা রি-আপলোড করা ভিডিও সহজেই শনাক্ত করা হবে।
শনাক্ত হলে ভিডিওর ভিউয়ের সম্পূর্ণ হিসাব যাবে মূল ক্রিয়েটরের কাছে, আয়ের সম্পূর্ণ অংশও পাবেন আসল কনটেন্ট নির্মাতা, রি-আপলোডকারী কোনো আয় করতে পারবে না। এর ফলে কপিরাইট লঙ্ঘন ও কনটেন্ট চুরির সুযোগ অনেকাংশে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
এক্স কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সরাসরি ভিডিও ডাউনলোড বা রি-আপলোড না করে প্ল্যাটফর্মের “শেয়ার” বা “কোট পোস্ট” ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে।
এর মাধ্যমে মূল পোস্টের ক্রেডিট অক্ষুণ্ণ থাকে, আসল ক্রিয়েটরই আয়ের অধিকার পান, কনটেন্ট ইকোসিস্টেম আরও স্বচ্ছ হয়, মূল লক্ষ্য: অরিজিনাল কনটেন্টকে উৎসাহ দেওয়া। এক্সের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উচ্চমানের ও মৌলিক কনটেন্ট তৈরিতে ক্রিয়েটরদের উৎসাহিত করা এবং প্ল্যাটফর্মের রেভিনিউ সিস্টেমকে আরও ন্যায্য ও স্বচ্ছ করা।
এর আগে মেটা ও ডিসকর্ডের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করা নিকিতা বিয়ার এক্সে যোগ দেওয়ার পর থেকেই অরিজিনাল কনটেন্টকে গুরুত্ব দেওয়ার নীতি আরও জোরদার হয়েছে।
মন্তব্য করুন