মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বের নজর ইসলামাবাদের দিকে

পাকিস্তানের নাটকীয় প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম
পাকিস্তানের নাটকীয় প্রত্যাবর্তন

মাত্র দুই বছর আগেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের প্রস্তাবিত দুই সপ্তাহের অস্ত্রবিরতি কার্যকর হওয়ায় দেশটি এখন শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা থাকার পর এই মধ্যস্থতা পাকিস্তানের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য।

শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে অংশ নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘ কয়েক বছর ধরে কোণঠাসা থাকার পর পাকিস্তানের এই সফল মধ্যস্থতাকে দেশটির বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের যে গুরুত্ব কমে গিয়েছিল, এই মধ্যস্থতার মাধ্যমে দেশটি আবার তার হারানো অবস্থান পুনরুদ্ধার করল। পাকিস্তানের একটি জাতীয় দৈনিক এই সাফল্যকে উদ্‌যাপন করে শিরোনাম করেছে, ‘পাকিস্তান পুরো একটি সভ্যতাকে রক্ষা করেছে’।

জানা গেছে, পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টার মূল কারিগর দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তিনি গত এক বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একাধিকবার সাক্ষাৎ করার পাশাপাশি ইরানি রেভল্যুশনারি গার্ডের শীর্ষ নেতাদের সাথেও নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন।

তবে এই প্রক্রিয়ায় টার্নিং পয়েন্ট ছিল চীনের সরাসরি হস্তক্ষেপ। পাকিস্তান চীনকে রাজি করিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা এই অস্ত্রবিরতি মেনে নেয়। বিনিময়ে বেইজিং ইরানি প্রতিনিধিদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই শান্তি প্রক্রিয়ায় চীনের গঠনমূলক ভূমিকার কথা স্বীকার করেছেন।

ঐতিহাসিক বৈঠক কখন এবং কোথায় হবে? হোয়াইট হাউস নিশ্চিত করেছে, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এই আলোচনা প্রক্রিয়া আগামী ১৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে প্রতিনিধিদলগুলো দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করবেন অথবা একাধিক দফায় এই আলোচনায় অংশ নেবেন।

ইসলামাবাদের বিখ্যাত সেরেনা হোটেল ঐতিহাসিক এই বৈঠকের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও দূতাবাস সমৃদ্ধ ‘রেড জোন’-এ অবস্থিত এই হোটেলটি বুধবার সন্ধ্যা থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলের সকল অতিথিকে কক্ষ খালি করার নির্দেশ দিয়ে পুরো ভবনটি প্রতিনিধিদলের জন্য সংরক্ষিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ৯ ও ১০ এপ্রিল ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রেড জোন এলাকাটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং শহরের প্রধান প্রবেশপথগুলোতে সেনাবাহিনী ও বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আলোচনায় অংশ নেবেন যারা: শীর্ষস্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যারেড কুশনার।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের প্রস্তাবিত ‘১০ দফা’ দাবির ভিত্তিতে এই আলোচনায় অংশ নেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার রাত অথবা শনিবার সকালে দুই পক্ষের সঙ্গে পৃথকভাবে প্রাথমিক বৈঠক করার কথা রয়েছে। মূল আলোচনার সমন্বয় করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। যিনি এই সংকটের শুরু থেকেই কাজ করছেন। তবে এই প্রক্রিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সরাসরি অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি দেশটির সামরিক দপ্তর।

মার্কিন প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতি এই আলোচনার সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। এর আগে জেনেভা ও মাস্কাটে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানে বোমাবর্ষণ শুরু করায় তাদের ওপর চরম অনাস্থা রয়েছে তেহরানের। তবে ইরানি কর্মকর্তারা মনে করছেন, জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের বিরোধী এবং তিনি এই যুদ্ধ বন্ধে অনেক বেশি আন্তরিক হতে পারেন।

ঐতিহাসিক এই বৈঠকের নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে ৩০ সদস্যের একটি মার্কিন বিশেষ নিরাপত্তা দল ইসলামাবাদে পৌঁছেছে। পুরো রেড জোন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এদিকে, এই ঘটনা বিশ্বব্যাপী কাভার করার জন্য কয়েক ডজন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আবেদন করেছে। এখন পর্যন্ত অন্তত ২০টি বিদেশি গণমাধ্যমকে এই বৈঠক সংগ্রহের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত জেডি ভ্যান্সের জন্য এই আলোচনা একটি বড় পরীক্ষা।

বৈঠক কেন পাকিস্তানে? ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামাবাদ। উভয় দেশের সাথেই অতীতে উত্তেজনা থাকা সত্ত্বেও, ইসলামাবাদ বর্তমানে দুই পক্ষের সাথেই কার্যকরী সম্পর্ক বজায় রাখছে।

সাম্প্রতিক দিনগুলোতে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ও ইরানি নেতাদের সাথে একাধিকবার ফোনে কথা বলেছেন। ইরানের সাথে পাকিস্তানের ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে এবং প্রতিবেশী ইরানের পর পাকিস্তানই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনসংখ্যার দেশ। এই বিষয়গুলো তেহরানের কাছে পাকিস্তানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, যা ইরানের চোখে দেশটিকে বাড়তি গ্রহণযোগ্যতা দিয়েছে। একই সাথে ২০০৪ সাল থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি মেজর নন-ন্যাটো অ্যালাই (প্রধান অ-ন্যাটো সহযোগী) হিসেবে স্বীকৃত।

তবুও, ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূতের পদটি প্রায়শই শূন্য থাকে। ২০১৮ সাল থেকে মাত্র একজন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম যিনি ২০২২ থেকে ২০২৫ সালের শুরুর দিক পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশটিতে মার্কিন রাষ্ট্রদূতের পদে কেউ নেই। ২০০৬ সালের মার্চ মাসে জর্জ ডব্লিউ বুশ ছিলেন শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি পাকিস্তান সফর করেছিলেন।

আর শেষ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১১ সালের জানুয়ারিতে সফর করেছিলেন জো বাইডেন। ১৫ বছর পর জেডি ভ্যান্সের এই প্রত্যাশিত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে যুদ্ধ অবসানের আলোচনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যা ইসলামাবাদে মার্কিন সম্পৃক্ততার একটি বিরল ও তাৎপর্যপূর্ণ স্তর নির্দেশ করে। কোনো দেশে রাষ্ট্রদূত না থাকা সত্ত্বেও ভাইস প্রেসিডেন্টের সফর করা একটি বিরল ঘটনা।

কী আছে আলোচনার টেবিলে? উভয় পক্ষই বড় ধরনের মতপার্থক্য নিয়ে আলোচনায় বসছে। ইরানের ১০ দফার শান্তি প্রস্তাবে অন্যান্য দাবির পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের তদারকি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলো গ্রহণ না করলেও ট্রাম্প ১০ দফার এই পরিকল্পনাকে ‘কার্যকর’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে অনিচ্ছুক— যাকে মুখপাত্র ক্যারোলিন লেভিট একটি অগ্রহণযোগ্য দাবি হিসেবে বর্ণনা করেছেন। ইরান এখন পর্যন্ত (অন্তত আনুষ্ঠানিকভাবে) ইউরেনিয়াম ত্যাগের বিষয়ে সম্মতি জানায়নি।

এছাড়া অন্যতম বিরোধের কেন্দ্রে রয়েছে লেবানন। বুধবার উত্তর লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ ছিল বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে তীব্র আক্রমণ, যেখানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আরাঘচি সতর্ক করে বলেছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তেহরান অস্ত্রবিরতি ত্যাগ করতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অস্ত্রবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের দাবিকে সমর্থন করে বলেন, অস্ত্রবিরতির মধ্যে লেবাননসহ পুরো অঞ্চলের হামলা বন্ধ অন্তর্ভুক্ত ছিল। তবে বুদাপেস্টে দেওয়া বক্তব্যে জেডি ভ্যান্স বলেছেন যে অস্ত্রবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়।

এদিকে চীনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ আলজাজিরাকে বলেন, আলোচনা শুরু হওয়ার আগেই পরিবেশ বিষিয়ে উঠেছে। তিনি বলেন, ইসরায়েল আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করতে ‘স্পয়লার’ হিসেবে কাজ করছে। লেবাননে তাদের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের উদ্দেশ্য হলো এমন পরিস্থিতি তৈরি করা যাতে উভয়পক্ষ তাদের অবস্থানে স্থির না থাকতে পারে। আর যুদ্ধবিরতিও ব্যর্থ হয়। এই পর্যায়ে আমরা কেবল সতর্কভাবে আশাবাদী হতে পারি কারণ আলোচনা নিশ্চিতভাবেই জটিল হবে এবং ১৫ দিনের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।

ওয়াশিংটন-ভিত্তিক বিশ্লেষক সাহার খানও একমত পোষণ করেছেন। তিনি বলেন, আস্থার অভাবই সবচেয়ে বড় বাধা। এই মুহূর্তে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই দাবি করছে যে তারা ‘বিজয়ী’। যদি এই অস্ত্রবিরতি টিকে থাকে এবং তারা সত্যিই আলোচনায় বসে, তবে সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X