
সোমালিয়ার উপকূলের কাছে আবারও জলদস্যু হামলার ঘটনা ঘটেছে। ‘অনার-২৫’ নামের একটি তেলবাহী জাহাজ দখল করে নিয়েছে দস্যুরা, যেখানে থাকা ১১ জন পাকিস্তানি নাবিক বর্তমানে জিম্মি অবস্থায় রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার প্রকাশিত জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ২১ এপ্রিল ‘অনার-২৫’ জাহাজটি জলদস্যুদের হামলার শিকার হয়। পরে জাহাজটি সম্পূর্ণভাবে দখলে নেয় হামলাকারীরা।
পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, জিম্মি নাবিকদের নিরাপদে উদ্ধারের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।
এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা আবারও বেড়েছে। ফলে বিশ্বব্যাপী বাড়ছে উদ্বেগ।
মন্তব্য করুন