
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট শেষে ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথফেরত জরিপ (এক্সিট পোল) প্রকাশ করেছে। এসব জরিপে ভিন্ন ভিন্ন পূর্বাভাস উঠে এসেছে কিছুতে বিজেপি এগিয়ে, আবার কিছুতে তৃণমূল কংগ্রেসের জয় সম্ভাবনা দেখানো হয়েছে।
পি ম্যাট্রিজের জরিপ বলছে, এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে শেষ পর্যন্ত বিজেপি এগিয়ে থাকতে পারে, তাদের সম্ভাব্য আসন ১৪৬ থেকে ১৬১টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২০ থেকে ১৪০টি আসন। অন্যান্য দল পেতে পারে ৬ থেকে ১০টি আসন, আর বাম ও কংগ্রেসের খাতা নাও খুলতে পারে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।
অন্যদিকে পিপলস পালসের জরিপে ভিন্ন চিত্র দেখা গেছে। তাদের মতে, কিছু আসন কমলেও তৃণমূল কংগ্রেস বড় জয় পেতে পারে, সম্ভাব্য আসন সংখ্যা ১৭৭ থেকে ১৮৭। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। বাম একটি আসন এবং কংগ্রেস ১ থেকে ৩টি আসন পেতে পারে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১ বা ২টি আসন।
পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এ জরিপে বাম, কংগ্রেস ও অন্যান্য দলকে খুবই দুর্বল অবস্থানে দেখানো হয়েছে।
চাণক্য স্ট্র্যাটেজিসের পূর্বাভাসেও বিজেপির সম্ভাব্য জয় তুলে ধরা হয়েছে। তাদের মতে, বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। অন্যান্য দল মিলিয়ে পেতে পারে ৬ থেকে ১০টি আসন।
পোল ডায়রির জরিপে বলা হয়েছে, তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তাদের হিসাব অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বেশিরভাগ বুথফেরত জরিপই চূড়ান্ত ফলাফলের সঙ্গে মেলেনি। তাই এবারও প্রকৃত ফল জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনার দিন পর্যন্ত। আগামী ৪ মে গণনা শেষে পরিষ্কার হবে, পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে আসছে।
মন্তব্য করুন