
দক্ষিণ লেবাননের আল-আব্বাসিয়াহ গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। টায়ার শহরের পূর্বদিকে অবস্থিত এই গ্রামকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্থানীয়দের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গ্রামটির বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে কমপক্ষে এক হাজার মিটার দূরের খোলা এলাকায় অবস্থান নিতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনাকে সরাসরি নিরাপত্তা সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যদিও লেবানন ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে বাস্তবে সীমান্ত পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। বিশেষ করে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে।
এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষকে নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন