
নতুন করে কোনো সামরিক হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের ‘সারপ্রাইজ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার অভিজ্ঞতা অর্জন করেছে।
তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত।
আরাগচি আরও দাবি করেন, সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। তার ভাষায়, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে তারা আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে প্রস্তুত।
তিনি সতর্ক করে বলেন, এবার যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে।
নিজ বক্তব্যের সমর্থনে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী, ওই প্রতিবেদনে যুদ্ধ চলাকালে ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান বিরোধী সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ড্রোনসহ অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি ও সমঝোতার জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় বেঁধে দিয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উত্তেজনার মধ্যেও আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।
মন্তব্য করুন