
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এবার দক্ষিণ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনার ফলে অঞ্চলজুড়ে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র টিম হকিন্সের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সম্ভাব্য হুমকি প্রতিরোধ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা।
সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, বর্তমান যুদ্ধবিরতির পরিবেশ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার বাহিনীর নিরাপত্তার বিষয়ে কোনো আপস করবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সংযম বজায় রাখা হচ্ছে।
মার্কিন সামরিক সূত্র অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল— ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র “আত্মরক্ষামূলক হামলা” হিসেবে উল্লেখ করেছে। হামলার ঠিক আগ মুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ইরানের স্থানীয় গণমাধ্যম এবং আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানায়, আকস্মিক এই বিস্ফোরণের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এই সামরিক ঘটনার ফলে পারস্য উপসাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন এবার আরও জটিল আকার ধারণ করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, এটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। অন্যদিকে ইরানের পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া অপেক্ষমাণ।
মন্তব্য করুন