
মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা অত্যন্ত ধর্মীয় উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী কুয়ালালামপুরের চেরাস মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন দেশের প্রবাসী নারী-পুরুষের উপস্থিতিতে ঈদ আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়।
অন্যদিকে, মালয়েশিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে রাজধানীর মালয়েশিয়ার জাতীয় মসজিদে সকাল ৮টায় দেশের রাজা ও প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।
মালয়েশিয়ায় অনেক প্রবাসী একদিনের ছুটি পেলেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমজীবী শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে আবার কাজে ফিরে যেতে বাধ্য হন। ফলে ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে উপভোগ করা সম্ভব হয় না।
তবুও ধর্মীয় দায়িত্ব পালনের পর কাজের স্থানে ফিরে যাওয়া প্রবাসীদের বাস্তব জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই স্থানীয় নাগরিকদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্থায়ীভাবে সেখানে জীবনযাপন করছেন।
মালয়েশিয়ার স্থানীয় প্রথা অনুযায়ী, কোরবানির পশুর মাংস মসজিদ থেকেই বিতরণ করা হয়। ফলে অনেক প্রবাসী নির্দিষ্ট মসজিদে গিয়ে কোরবানির মাংস সংগ্রহ করেন। এই প্রথা ঈদের সামাজিক সংহতি ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করে।
মন্তব্য করুন