
রমজান মাসের শুরুতে অনেক মুসল্লি অভ্যাসবশত ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলেন। এরপর তাদের মনে প্রশ্ন জাগে—এতে কি রোজা ভেঙে গেল?
ইসলামি শরিয়তের স্পষ্ট নির্দেশনা হলো, ভুলবশত খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় না। এ বিষয়ে সহিহ হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। [বুখারি শরিফ ১/২৫৯]।
প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন—
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
যখন কেউ ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। — সহিহ বুখারি, হাদিস নং ১৯৩৩
তবে কেউ যদি ভুল করে কিছু খাওয়ার পর মনে করে যে তার রোজা ভেঙে গেছে এবং সেই ধারণা থেকে ইচ্ছাকৃতভাবে আবার খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ ক্ষেত্রে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। তবে কাফফারা আদায় করতে হবে না। পাশাপাশি এ ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইসতেগফার করা উত্তম (কিতাবুল আছল ২/১৫৫, বাদায়েউস সানায়ে ২/২৫৮, খিজানাতুল আহকাম ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪, আল-মুহিতুল বুরহানি ৩/৩৬৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৮, রদ্দুল মুহতার ২/৪০৫)।
মন্তব্য করুন