
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হচ্ছে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজও বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে তাঁর স্বামী, প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
মন্তব্য করুন