
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। একই সঙ্গে দলের খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় অধিনায়ক ও বিশ্বসেরা তারকা লিওনেল মেসি আবারও নিজের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন।
বিশ্বকাপে প্রথমবার ২০১০ সালে ১০ নম্বর জার্সি গায়ে তোলেন লিওনেল মেসি। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এই জার্সি পরে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি একই নম্বর জার্সি পরেছেন।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপে মেসির নেতৃত্বে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে, যখন আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করে ইতিহাস গড়ে।
এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে মেসি নতুন একটি রেকর্ড গড়তে চলেছেন। আর্জেন্টিনার ইতিহাসে কোনো খেলোয়াড় এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। এর আগে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই জার্সি পরে খেলেছিলেন, যেখানে মেসির এটি পঞ্চম বিশ্বকাপ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, আর্জেন্টিনা দলের ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি এবং ৩ নম্বর জার্সি পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল, আর ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস। ৬ নম্বর জার্সি পরবেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ৭ নম্বরে থাকবেন রদ্রিগো ডি পল। ৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে ভ্যালেন্তিন বার্কোকে, ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে থাকছেন লিওনেল মেসি।
এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো। ১২ নম্বরে রয়েছেন জেরোনিমো রুলি এবং ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো। ১৪ নম্বর জার্সি পরবেন এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস এবং ১৬ নম্বরে থিয়াগো আলমাদা। ১৭ নম্বর জার্সি পেয়েছেন জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে থাকছেন নিকো পাজ এবং ১৯ নম্বর জার্সি পরবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দলের বাকি সদস্যদের মধ্যে ২১ নম্বর জার্সি পরবেন হোসে ম্যানুয়েল লোপেস। ২২ নম্বর জার্সি পেয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২৪ নম্বর জার্সি পরবেন এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে থাকছেন ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর জার্সিতে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা।
স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনা দল এখন বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গঠিত এই দলটি আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
সূত্র: মুন্দো আলবিসেলেস্তে
মন্তব্য করুন