
গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করেন। এটি অত্যন্ত জনপ্রিয় ও মুখরোচক খাবার। অনেকেই এই খাবারের স্বাদে মুগ্ধ হন এবং ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে এটি খেতে পছন্দ করেন। সঠিকভাবে পরিষ্কার করে মসলা দিয়ে রান্না করলে গরুর ভুঁড়ি ভুনা হয়ে ওঠে আরও বেশি সুস্বাদু ও সুগন্ধি।
এটি শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ উপকারী। গরুর ভুঁড়িতে থাকে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নিয়াসিন, কোলিন, জিংক ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে সেলেনিয়াম হৃদরোগ, বন্ধ্যত্ব ও আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে।
চলুন জেনে নেওয়া যাক সহজ ঘরোয়া উপায়ে গরুর ভুঁড়ি ভুনা রান্নার বিস্তারিত রেসিপি।
উপকরণ ভুঁড়ি: ১.৫ কেজি তেল: পৌনে ১ কাপ পেঁয়াজ কুচি: ২ কাপ আদা বাটা: ১ টেবিল চামচ রসুন বাটা: ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ জিরা গুঁড়ো: ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো: ১ চা চামচ শুকনা বা কাঁচা মরিচ: ৪–৫টি পানি: ২ কাপ লবণ: স্বাদমতো
প্রণালি প্রথমে গরুর ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো দুর্গন্ধ না থাকে। এরপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন।
এরপর সামান্য পানি দিয়ে সব গুঁড়ো মসলা—হলুদ, মরিচ, ধনে, জিরা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তেলের উপর উঠে আসে এবং সুগন্ধ বের হয়।
এবার পরিষ্কার করা ভুঁড়ি প্যানে দিয়ে ৫–৬ মিনিট ভালোভাবে নেড়ে কষিয়ে নিন। এরপর ২ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে এলে উপর থেকে সামান্য জিরা গুঁড়ো ও গরম মসলা ছড়িয়ে দিন।
আপনি চাইলে এই পর্যায়ে সামান্য গরম পানি দিয়ে হালকা ঝোল রাখতে পারেন। এরপর ৫ মিনিট উচ্চ আঁচে নেড়ে রান্না করলে গ্রেভি তৈরি হবে। আর যদি শুকনো ভুনা পছন্দ করেন, তাহলে আঁচ কমিয়ে ৭–৮ মিনিট ভেজে নিন। ভুঁড়ি যখন গাঢ় রঙ ধারণ করবে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
গরুর ভুঁড়ি ভুনা ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ মানিয়ে যায়। এটি একটি মুখরোচক ও পুষ্টিকর খাবার, যা বিশেষ দিন বা সাধারণ খাবার—সব ক্ষেত্রেই জনপ্রিয়।
মন্তব্য করুন