
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুর দেড়টায় তাকে বহনকারী বিশেষায়িত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে পাঠানো বিশেষায়িত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়েই তাকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের পথে রওনা হবে।
এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে এ বিষয়ে একটি জরুরি কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। আলোচনার পর সেখানেই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রেস উইংয়ের তথ্যে বলা হয়, গত দুই দিন ধরে শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্ভাব্য বিকল্প যাচাইয়ে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আজই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এ সময় শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন