
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের বহনকারী যানবাহনগুলো ধাপে ধাপে সংসদ এলাকায় প্রবেশ শুরু করে।
সরেজমিনে দেখা যায়, জামায়াতের আমির নিজস্ব গাড়িতে চড়ে সংসদ চত্বরে প্রবেশ করেছেন। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবনির্বাচিত এমপিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
অন্যদিকে, দীর্ঘ ১৫ বছর পর বিএনপির নেতারা সদলবলে আজ সংসদ ভবনে প্রবেশ করেছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও দুপুরের দিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছিল দলটি।
মন্তব্য করুন