
চলতি অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি প্রকল্প, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি প্রকল্প, ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প।
এছাড়াও, একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সেদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২টিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রথম বৈঠকটি হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন