
দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগামী সপ্তাহ থেকে আরও উন্নত হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি দেখা যাবে এবং ধীরে ধীরে লোডশেডিং কমে আসবে।
তিনি আরও জানান, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ এখনো বাকি রয়েছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেয়া হবে।
মন্তব্য করুন