
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ মে থেকে ৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানিয়েছেন, সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরতে শনিবার (২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সম্মেলনের কার্যক্রম কাভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, নীতিনির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।
সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।
মন্তব্য করুন