মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ ঘিরে জাল টাকার কারবার, আসল নোট যাচাইয়ের উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:১৫ এএম
ঈদ ঘিরে জাল টাকার কারবার, আসল নোট যাচাইয়ের উপায়

প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। বিশেষ করে কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে শহর থেকে গ্রাম পর্যন্ত বিপুল অঙ্কের নগদ লেনদেন হওয়ায় এই সময়টিকে সবচেয়ে লাভজনক মৌসুম হিসেবে দেখছে জাল নোট চক্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক বিভিন্ন অভিযানে জাল টাকাসহ একাধিক চক্রের সদস্য গ্রেপ্তার হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে পরিচালিত হচ্ছে নকল টাকার কারখানা। এসব কারখানায় কোটি কোটি টাকার জাল নোট তৈরি হচ্ছে, যা ঈদের বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এখন প্রকাশ্যে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এজেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে “হোম ডেলিভারি” পদ্ধতিতেও জাল নোট পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির সহজলভ্যতা এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার কারণে জাল টাকা ছড়িয়ে দেওয়া আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে।

ডিবি সূত্র জানিয়েছে, বর্তমানে জাল নোট তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে ১০০টি ৫০০ বা ১০০০ টাকার জাল নোট তৈরি করতে ৪ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হতো, এখন সেই খরচ নেমে এসেছে প্রায় আড়াই হাজার টাকায়। আগে তৈরি খরচ বেশি হওয়ায় পাইকারি মার্কেটে লাখ টাকার নোট বিক্রি হতো ৮-১৫ হাজার টাকায়।

কিন্তু বর্তমানে পাইকারি বাজারে লাখ টাকার নোটের দাম মাত্র ৬ হাজার টাকা। ক্রেতা বুঝে লাখ টাকার নোট ৮-১০ হাজার টাকাতেও বিক্রি করা হচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় করা নতুন নোট জাল কারবারিদের কাজ আরও সহজ করে দিয়েছে। নোটের ডিজাইনে ত্রুটি, নিম্নমানের গ্রাফিক্স ও নিরাপত্তা বৈশিষ্ট্যের সংযোজনের অভাবে নোটটি জাল করা খুবই সহজ করে দিয়েছে।

সূত্র বলছে, ইউনূস সরকারের সময় তৈরি করা নতুন ডিজাইনের নোটের প্রতি শুরু থেকেই মানুষের আস্থা কম। বিভাগীয় শহরের মানুষ নোটগুলো নিলেও এখনো জেলা ও উপজেলা পর্যায়ে সেভাবে প্রচলন ঘটেনি নোটগুলোর। এজন্য বানানো সহজ হলেও জাল কারবারিদের এই নোটের প্রতি এখনো আগ্রহ বাড়েনি। কারণ জাল টাকার কারবারিরা এই নোট কিনতে চান না। এখনো বঙ্গবন্ধুর ছবিসংবলিত পুরোনো নোটই বেশি তৈরি হচ্ছে।

অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, জাল টাকা তৈরির সরঞ্জামের সহজলভ্যতা, সারা দেশে ছড়িয়ে দেওয়ার এজেন্টের ছড়াছড়ি, জামিনে থাকা কারবারিদের নজরদারির অভাব, বড় অপরাধে লঘু দণ্ড ও বিদেশি নাগরিকদের কেউ কেউ এসে জাল টাকা তৈরির প্রশিক্ষণ দেওয়ায় দেশে জাল টাকার বিস্তার শূন্যের কোটায় নামানো যাচ্ছে না।

যদিও সম্প্রতি সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে জাল নোটের বিস্তার রোধে সরকার একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির কাজ করছে। প্রস্তাবিত এ আইনে জাল নোট তৈরি বা আসল মুদ্রার আদলে কিছু তৈরির সঙ্গে জড়িতদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে।

ইতিমধ্যে আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহায় কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের নোটের লেনদেন হয়। ফলে এসব নোটের মধ্যে জাল নোটও থাকতে পারে। তাই লেনদেনের সময় নোট যাচাই করে নেওয়া উচিত।

নোট যাচাইয়ের উপায় লেনদেনের সময় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও অসমতল ছাপার বিষয়টি নিবিড়ভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ অথবা নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে। জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক উৎস পরিহার করে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা এবং অন্যকেও এ বিষয়ে সচেতন রাখা জরুরি।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X