
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ রবিবার (২৪ মে) থেকে আগামী ৩ জুনের ঢাকামুখী আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের ভোগান্তি কমানো এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারে অতিরিক্ত চাপ এড়াতে দুই ধাপে টিকিট ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে ফিরতি টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে ২১ মে ৩১ মে’র, ২২ মে ১ জুনের এবং ২৩ মে ২ জুনের টিকিট বিক্রি করা হয়। এছাড়া আগামীকাল ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের অগ্রিম টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা ফিরতি টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। একজন যাত্রী নিজের জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধিত আইডি ব্যবহার করে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই উল্লেখ করতে হবে।
যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহের জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন