
রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই প্রধান ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। ধর্মীয় এই গুরুত্বপূর্ণ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
নামাজ শেষে মুসল্লিদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।
মন্তব্য করুন