
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। বিরল বৈশিষ্ট্যের এই সাদা মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। গরম আবহাওয়ায় প্রাণীটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, তীব্র তাপমাত্রার কারণে প্রাণীটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাশাপাশি পাইপের মাধ্যমে শরীরে পানি ছিটিয়ে শীতল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই খাঁচায় একটি স্ট্যান্ড ফ্যান বসানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়।
গত বুধবার (২৭ মে) রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি খোলা অবস্থায় চলাফেরা করতে পারে। তবে গৃহপালিত স্বভাবের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়, কারণ এমন পরিবেশেই এটি অভ্যস্ত।
মন্তব্য করুন