মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং একটি দক্ষ ও জ্ঞাননির্ভর রাষ্ট্রে পরিণত হবে।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ ইতিহাসের প্রতিটি পর্যায়ে যারা গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে হবে।

তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা দেশের শিক্ষা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করেছে। তবে এখন সময় এসেছে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি পর্যায়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, সারা দেশে এর অধিভুক্ত কলেজের সংখ্যা দুই হাজারেরও বেশি এবং সেখানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতোমধ্যে এক কোটিরও বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

তারেক রহমান বলেন, উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত করা এবং শহর-গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার মানুষের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার কারণে অনেক পুরোনো পেশা ঝুঁকির মুখে পড়েছে কিংবা বিলুপ্ত হয়েছে, আবার একই সঙ্গে অসংখ্য নতুন কর্মক্ষেত্রও তৈরি হয়েছে। এ বাস্তবতায় সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জেনেটিক প্রকৌশল, জীবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, শিল্প ইন্টারনেট অব থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোপ্রযুক্তি, ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি এবং পঞ্চম প্রজন্মের বেতার প্রযুক্তির মতো বিষয়গুলোর প্রতি উদাসীন থাকলে ভবিষ্যতে সাফল্য অর্জন কঠিন হয়ে পড়বে। এ কারণে বর্তমান সরকার প্রাক-প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষাক্রমকে বাস্তবভিত্তিক, বহুমুখী, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে শিক্ষাক্রম সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই বাস্তবতা উপলব্ধি করেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়োপযোগী, আধুনিক ও বাস্তবমুখী পাঠ্যক্রম প্রণয়নের উদ্যোগ নিয়েছে। দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির এই আয়োজন সেই উদ্যোগেরই বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; প্রযুক্তিনির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা তৈরির প্রধান নিয়ামক। তাই উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী করতে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং শিল্প-শিক্ষাঙ্গন সংযোগ বাধ্যতামূলক করা সময়ের দাবি।

প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি হলেও নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষা অপরিহার্য। প্রযুক্তিনির্ভরতা ও আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও অধিক গুরুত্ব দিতে হবে।

উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও অনেককে বেকার থাকতে হয়। এর অন্যতম কারণ হলো একাডেমিক সনদ অর্জন করলেও ব্যবহারিক, প্রাযুক্তিক ও কারিগরি দক্ষতার ঘাটতি। এই বাস্তবতা বিবেচনায় সরকার শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী করতে শিক্ষানবিশ কর্মসূচি, ইন্টার্নশিপ এবং শিল্প-শিক্ষাঙ্গন সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে পারবেন এবং শিক্ষা জীবন শেষে বেকার না থেকে কর্মজীবনে দ্রুত প্রবেশের সুযোগ পাবেন।

ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাণিজ্যিক রূপ দিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ‘সিড ফান্ডিং’ বা উদ্ভাবনী অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নতুন ও সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষার্থী অবস্থায় অর্জিত বাস্তব দক্ষতা তাঁদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের ওপর শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের সামনে আদর্শ ব্যক্তিত্ব হিসেবেও গড়ে উঠতে হবে। একই সঙ্গে তাঁদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও পথপ্রদর্শকের ভূমিকাও পালন করতে হবে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের তরুণদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে খুব শিগগিরই বাংলাদেশ বিশ্বের কাছে একটি সমৃদ্ধ, স্বনির্ভর রাষ্ট্রের আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে তারাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধেও নিজেদের সমৃদ্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বহুভাষিক দক্ষতা অর্জন করলে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়। সরকার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পখাত—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা শুধু চাকরি সৃষ্টি করবে না, বরং দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরি করবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম আরও শক্তিশালী হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X