
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের কারণে অনেক এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৪৩২ কিলোমিটার।
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া ও শেরপুরসহ একাধিক এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং চীনের কিছু অঞ্চলেও অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও কেন্দ্রের গভীরতা কম হওয়ায় বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখছে।
মন্তব্য করুন