
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। এই সফরের অংশ হিসেবে সকাল ১১টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এই গুরুত্বপূর্ণ জনসভায় খুলনা বিভাগের পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা সরাসরি শুনতে চান। সেই লক্ষ্যেই শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা জানান, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্প অঞ্চলের শ্রমিকদের কথা শুনতে চান। তাই শিল্পাঞ্চলে নির্বাচনী সমাবেশটির আয়োজন করা হয়েছে। তিনি (তারেক রহমান) জনসভায় একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। বন্ধ মিলকারখানা চালু, যুব সমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ, মোংলা বন্দর নিয়ে একগুচ্ছ পরিকল্পনা হাজির করবেন। যা হবে আগামী দিনে উন্নয়নের রূপরেখা।
দলীয় নেতারা জানান, জনসভার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসভাকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণাসহ ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ঢাকা থেকে আনা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম।
মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে চলছে একের পর এক প্রস্তুতিসভা। দলীয় প্রধানকে বরণ করতে তারা মুখিয়ে আছেন বলে জানান।
মন্তব্য করুন