
আওয়ামী লীগ গত ১৭ বছরে যে রাজনৈতিক কৌশল অনুসরণ করেছে, জামায়াতে ইসলামীও এখন একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে যে ধরনের রাজনৈতিক কৌশল অনুসরণ করেছে, জামায়াতও এখন একই পথে অগ্রসর হচ্ছে। তার মতে, এই দুই রাজনৈতিক শক্তির কার্যক্রম দেশের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালবাসে।
একই সঙ্গে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করে তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং অন্য একটি দলও একই ধরনের প্রচারণায় যুক্ত রয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংস। সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজল, তখন তাদের ভূমিকা কী ছিল তা আমরা দেখেছি। তাদের মনে পাকিস্তান। দুটি দলই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে।
নতুন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান বলেছিলেন টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই একই পথে হাঁটছেন।
আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে জামায়াতও সেই পথে হাঁটছে। ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করবো।
মন্তব্য করুন