
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বর্তমান বহুমুখী সংকটের জন্য বিএনপি দায়ী এবং দলটিকে এর পরিণতি ভোগ করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, দেশ বর্তমানে একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাবে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন হাসপাতালে সাধারণ মানুষ প্রয়োজনীয় আইসিইউ সুবিধা পাচ্ছে না। পাশাপাশি তেলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তার ভাষ্য অনুযায়ী, গত ১৬ বছর ধরে রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ও আলোচনা চললেও অন্তর্বর্তী সরকারের সময়েও সেই একই ইস্যুতে আবার কথা বলতে হচ্ছে, যা দুঃখজনক।
তিনি অভিযোগ করেন, বিএনপি দেশকে একটি কৃত্রিম রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার মতে, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা যথাযথভাবে বাস্তবায়ন না করে বিএনপি উল্টো বিভ্রান্তি তৈরি করছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে তাদেরই এর দায়ভার নিতে হবে এবং এর পরিণতি সহজ হবে না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। একটা নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার বারবার ফিরে আসবে না। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সবকিছুই দেখছেন যে কিভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তারা বলছে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল তারা সেটার বিরোধিতা করছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন