
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৃশংস এই হামলার পর তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।
মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। মিঠুর পরিবারে ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১৮ মে) বিকেলে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে। বিকেলে নিজের বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ।
হঠাৎ পথের মধ্যে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই। বিগত কয়েক বছর আগে মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করা হয়েছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে মোরেলগঞ্জ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
মন্তব্য করুন