
দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন যশোর ল’ কলেজের এক ছাত্রী। রোববার নিজ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। রোববার সকাল ১০টায় যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জান্নাতুল ফাতেমার নিজ উদ্যোগে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক জান্নাতুল ফাতেমা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। দীর্ঘদিন ধরে যশোরের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং যশোর ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।
তিনি আরও বলেন, মা-বোনেরা এখন আর নিরাপদে চলাফেরা করতে পারছেন না। শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের ভয়াল থাবা থেকে রেহাই পাচ্ছেন না। এ পরিস্থিতিতে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে এনসিপি যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, যুবশক্তি যশোর জেলা যুগ্ম সদস্য সচিব ইবনে সাহাদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এস কে সুজন, ছাত্র ইউনিয়নের জেলা দপ্তর সম্পাদক রাহুল সংহতি প্রকাশ করেন।
মন্তব্য করুন