
যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ইসমাইল হোসেন নয়ন নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) ভোরে তেঁতুলতলা এলাকায় উত্তম কুমারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত নয়ন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নয়ন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের নজিবার রহমানের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসে রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত এবং যশোর শহরের ওই বাসায় ভাড়া থাকতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক ৪টার দিকে নয়ন বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় জানালা ভেঙে দুই অজ্ঞাত ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। নয়ন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে ও বাম কাঁধে একাধিক আঘাত করে গুরুতর জখম করে।
পরে হামলাকারীরা নয়নের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হবে।
মন্তব্য করুন