
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারফি (২০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন ও মারফি মোটরসাইকেলে চৌগাছা থেকে দোগাছিয়ার দিকে যাচ্ছিলেন। পথে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত মারফিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন