
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের ড্রাগন ফলের বাগান কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে ভুক্তভোগী কৃষক এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কৃষক মোহাম্মাদ আলী (৪৯) তার ৫০ শতক জমিতে গড়ে তোলা ড্রাগন ফলের বাগানে গত ১২ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে প্রতিপক্ষরা জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা বাগানের তিন সারির ড্রাগন গাছ কেটে ফেলে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় একই ইউনিয়নের বড় খাঁনপুর (ঢাকাপাড়া) গ্রামের মহিদুল ইসলাম (৩২) ও ইয়াসিন হোসেন (২২)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা ভুক্তভোগীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশসহ গুরুতর ক্ষতির হুমকি দেয়।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন জানান, ড্রাগন ফল একটি উচ্চমূল্যের ফসল এবং এ ধরনের বাগান নষ্ট হলে কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। তিনি বলেন, খবর পেয়ে উপ-কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন