
যশোর শহরের মুরুলি এলাকায় একটি গ্যারেজে ট্রাকের বডি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোস্তাফিজুর যশোর সদর উপজেলার মুরুলি এলাকায় শ্যামল নামে এক ব্যক্তির গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মন্তব্য করুন