
যশোর জেলা ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে। ২১ এপ্রিল চৌগাছা ও কোতয়ালী থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযানে, ডিবি যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি টিম চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায়। দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে কামাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ফারুক মন্ডল (২৮) নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের শাহাজান মন্ডলের ছেলে।
দ্বিতীয় অভিযানে, বিকেল সোয়া ৪টার দিকে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির অপর একটি দল যশোর সদর উপজেলার আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ওরফে মহি পাগলাকে (৫০) আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে একটি পালসার মোটরসাইকেলসহ ধরা হয়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়। আটক আলমগীর শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়ার মৃত কুদ্দুস সরদারের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার নামে আগে থেকেই হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে।
মন্তব্য করুন