
যশোরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে শহরের মাইকপট্টি এলাকায় অবস্থিত ‘আল আমিন ইলেক্ট্রনিক্স’ নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও আল আমিন ইলেক্ট্রনিক্স দোকানটি রাত ৯টা পর্যন্ত খোলা রাখা হয়। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
বেঞ্চ সহকারী সাহিদুর রহমান জানান, নির্দেশনা অমান্য করার অপরাধে দোকান মালিক আমিনুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নির্দেশনা অমান্য না করার জন্য তাকে সতর্কও করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময় মেনে দোকান পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন