
যশোরের চৌগাছা উপজেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০০ শিশু একযোগে এক মিনিট ধরে ঘণ্টা বাজিয়ে সচেতনতা সৃষ্টি করে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো মনম্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গদাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাশিলা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা ঘণ্টা, ঢোলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে শব্দ তৈরি করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি জানায়।
এটি আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি বৈশ্বিক ক্যাম্পেইনের অংশ। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও অনুরূপ কর্মসূচিতে অংশ নেয়।
আয়োজকরা জানান, যেসব প্রতিবন্ধী শিশু এখনও বিদ্যালয়ে যেতে পারে না, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ, প্রকল্প সমন্বয়কারী আশিষ কে চ্যাটার্জী, ফিল্ড ট্রেইনার মো. নজরুল ইসলাম, সিবিআর অফিসার মো. মামুনুর রশিদ, সিবিআর ফ্যাসিলিটেটর সাইদুর রহমান, ইন্টার্ন জহুরা খাতুন ও পিংকি খাতুনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
আয়োজকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধী শিশুদের জন্য আরও উপযোগী ও প্রবেশগম্য করে তোলা প্রয়োজন।
মন্তব্য করুন