
যশোর শহরের উপশহর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে কোতোয়ালি থানার উপশহর ডি ব্লক প্রাইমারি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আহত নাহিদ (২৪) উপশহরের ৬ নম্বর সেক্টরের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের একজন নেতা। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে একই এলাকার ফারহান (২০), রোহিত (১৯), সাকলাইন (২২) ও সালমান (২৩) জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন