
যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী। সোমবার দুপুরে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন, কামালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন এবং তাদের দুই মেয়ে শারমিন খাতুন ও সুর্মি সওদাগর ।
পুলিশ জানায়, এ ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খাঁন কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আটক তিনজনসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, গ্রাহক আব্দুস সালাম , মৃত আবু ড্রাইভারের ছেলে মামুন এবং মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আব্দুস সালামের তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যান অরিন্দম মণ্ডল ও জিতু টিকাদার তার বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় আব্দুস সালাম, তার স্ত্রী ও মেয়েরা স্থানীয় লোকজনকে ডেকে এনে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পল্লী বিদ্যুতের কর্মচারীদের মারধর শুরু করেন। এসময় মামুন নামে এক ব্যক্তি অরিন্দম মণ্ডলকে ছুরিকাঘাত করেন। এছাড়া অন্যরা লোহার রড দিয়ে জিতু টিকাদারকে মারধর করেন। পরে আহত দুই কর্মচারীকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে কর্মচারীরা মোবাইল ফোনে বিষয়টি পল্লী বিদ্যুতের এজিএম মো. মনিরুজ্জামান খাঁনকে জানান। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এ সময় পুলিশ আব্দুস সালামের স্ত্রী ও দুই মেয়েকে আটক করে। তবে অন্য আসামিরা পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আটক তিনজনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন