
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।
সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একই ধরনের দলীয় প্রভাব বিস্তৃত হয়েছে, যার ফলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে গেছে।
সংবাদ সম্মেলনটি আয়োজন করে জেলা এনসিপি। এতে সাম্প্রতিক সময়ে ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা সংক্রান্ত ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করেই এই কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, সাইফ মোস্তাফিজ, সাইরিক ইরা, শাহনাজ সাঈদ খান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান এবং যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, পুলিশের পক্ষপাতমূলক আচরণের কারণে তাদের নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন এবং এর প্রতিবাদ জানান তারা।
এছাড়া হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, আসন্ন ঈদকে সামনে রেখে বাস ভাড়া বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তিনি দাবি করেন, সরকার নির্দেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে ভূমিকা রাখছে।
মন্তব্য করুন