
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, “রামিসার বাবা একসময় বলেছিলেন, তিনি বিচার চান না। সেই হতাশার জবাবে আমি বলেছিলাম—এই হতাশার অবসান হবে বিচার নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে। আমরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করব।”
বুধবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘মেধা ও মনন উৎসব’-এর সমাপনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও জানান, মামলার তদন্ত দ্রুত শেষ করে এক সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই পুলিশ চার্জশিট দাখিল করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
‘মেধা ও মনন মঞ্চ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন