
যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজার আমতলা মোড়ে অভিযান চালিয়ে হামিদা খাতুন নামে এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি নাভারণ ইউনিয়নের দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
এদিকে একই দিন বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তৌফিক রহমান নামে এক যুবককে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন