
যশোরের কেশবপুরে পরিবারের সদস্যদের অজ্ঞান করে সাইফুল কবির টিপু নামের এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে অজ্ঞান অবস্থায় ওই বাড়ির গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা সোমবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ওই খাবার সাইফুল কবির টিপু (৪৫) ও তার স্ত্রী সুরাইয়া পারভিন (৪০) খেয়ে শুয়ে পড়ে। মঙ্গলবার ভোরে টিপুর ঘুম ভাঙলে অসুস্থতা বোধ করে দেখেন ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো, শোকেস, আলমারি ও ড্রেসিন টেবিলের ড্রয়ারের তালা এবং ক্রপসিক্যাল গেট খোলা। তখন তার স্ত্রীকে ডাকাডাকি করলে তাকে জ্ঞানহীন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে প্রতিবেশিরা গৃহবধূ সুরাইয়া পারভিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাইফুল কবির টিপু বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাদেরকে অজ্ঞান করে। অজ্ঞান পার্টিরা তাদের বাড়ি থেকে ৭ ভরি সোনা, নগদ ২০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি বাড়ির সামনের একটি বাগানে পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
মন্তব্য করুন