
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর ও শ্রীনাথপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে গত তিন দিনে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আকস্মিক এ ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন হাজার মানুষের বসবাস ভবনগর গ্রামে হঠাৎ কয়েকটি কুকুর খ্যাপাটে আচরণ শুরু করে। পথচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে অল্প সময়ের মধ্যে বহু মানুষকে আহত করে। কুকুরের কামড়ে কয়েকটি গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আতঙ্কে অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও গ্রামবাসী লাঠি সঙ্গে রাখছেন। পরিস্থিতি নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ বিরাজ করছে।
আক্রান্তদের একজন কৃষক জামাত আলী জানান, মাঠে যাওয়ার পথে পেছন থেকে একটি কুকুর তাকে আক্রমণ করে। এতে তার পা ও পিঠে গুরুতর ক্ষত হয়েছে। একই গ্রামের আরেক কৃষক জিন্নাত আলীও বাড়ির সামনে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুকুরগুলোকে শনাক্ত করে হত্যা না করে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান ২০ থেকে ২৫ মিনিট সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। এরপর দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।
স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তারা।
মন্তব্য করুন