
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দীন পাটোয়ারির ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় এবার পাল্টা মামলা করেছে জেলা ছাত্রদল। শনিবার (২৩ মে) বিকেলে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরান।
এর আগে নাসির উদ্দীন পাটোয়ারির ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপির ঝিনাইদহ জেলা যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদল ও যুবদলের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন ও সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে আসামি করা হয়। মামলা নম্বর ৪২, জেআর-২২৪।
মামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ ও মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে রাত প্রায় ৯টা ৫০ মিনিটে কড়া পুলিশ প্রহরায় নাসির উদ্দীন পাটোয়ারিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা একটি কালো রঙের হায়েস গাড়িতে করে ঝিনাইদহ ত্যাগ করেন।
উল্লেখ্য, শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসির উদ্দীন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা মহি উদ্দীন রনির ওপর হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন