
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শুক্রবার (২৯ মে) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠ এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টু এবং হরিশপুর গ্রামের শুভ হোসেনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে দেলোয়ার হোসেন, আবু তালেব, মশা ফকির, মাহবুব, বাদশাসহ অন্তত ৮ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানিয়েছেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন