
ঝিনাইদহে মিছিল করার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ওই তিন কর্মীকে আটক করা হয়।
আটকরা হলেন— সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।
জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর দুপুরে সদর থানায় ২৪ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এরপর বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। এ ঘটনায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন