
নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তা-চেতনায় গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের এই মেধা ও উদ্ভাবনী শক্তি আগামী দিনে একটি বিজ্ঞান-নির্ভর বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে। ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ রকিবুল ইসলাম বকুল এ কথা বলেন। ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬। শুক্রবার সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, আজকের এই মঞ্চ শুধু একটি মেলার আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখার মঞ্চ। আমরা বিশ্বাস করতে চাই, এটি এমন এক প্রজন্ম তৈরির ক্ষেত্র, যারা বইয়ের পাতার জ্ঞানকে বাস্তব উদ্ভাবনে রূপ দেবে। তরুণদের শুধু চাকরি খুঁজলে চলবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাত ধরে বিশ্ব দরবারে এগিয়ে যাবেন।
খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তা-চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজ্ সিফাত মেহনাজ ও জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য খুলনা বিভাগের দশ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬টি স্টল স্থান পেয়েছে।
মন্তব্য করুন