
মাগুরায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিক শরীপ স্বাধীন, আরাফাত হোসেন, লিটন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল জানান, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত মাগুরায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় ই-নামজারি সংক্রান্ত সহায়তা, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান-মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি, সরাসরি গণশুনানি ও অভিযোগ গ্রহণ এবং ভূমি অপরাধ আইন বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা, সেবায় স্বচ্ছতা আনা এবং হয়রানিমুক্ত ও সহজ প্রক্রিয়ায় ভূমি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে এখন আর কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। সরকারি নির্ধারিত প্রক্রিয়ায় সহজেই সেবা পাওয়া সম্ভব। ভূমি সেবা মেলা ২০২৬ সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
মন্তব্য করুন