
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর দাবি অনুযায়ী, দুপুরে ইউপি কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জ্বালানি কাঠ রাখছিলেন। এ সময় অফিস চলাকালীন কার্যালয়ের সামনে কাঠ না রেখে পাশের স্থানে রাখতে অনুরোধ করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি। কিছুক্ষণ পর সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান জামানসহ কয়েকজন তার কক্ষে প্রবেশ করে তার ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য স্থানীয়রা সেখানে জ্বালানি কাঠ জড়ো করছিলেন। ইউপি চেয়ারম্যান এতে বাধা দিলে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা তাকে মারধর করেন। এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত আবুল কালাম আজাদ পাখির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন